বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে অসুস্থতার গুঞ্জন। মঙ্গলবার রাতজুড়ে দাবি করা হয়, তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা।
তবে পরে জানা যায়, বিষয়টি আসলে গুজব। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অমিতাভ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেন। হাসপাতালে ভর্তি থাকার কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে রুটিন চেকআপ করাতে যান অভিনেতা। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি স্বাভাবিকভাবেই বাসায় ফিরে যান। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রও জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
গুজবের সূত্রপাত হয় এক বিনোদন সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়েছিল, কয়েক দিন ধরে অমিতাভ হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁকে হাসপাতালের বিশেষ কক্ষে রাখা হয়েছে। এমনকি তাঁর শারীরিক জটিলতার কথাও উল্লেখ করা হয়। এরপরই অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে খুব দ্রুতই সেই দাবির অসত্যতা সামনে আসে। কারণ, এর মধ্যেই অমিতাভকে মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে তাঁকে নিজেই গাড়ি চালিয়ে যাতায়াত করতেও দেখা গেছে।
আজ বুধবার ভোরে নিজের ব্লগেও বিষয়টি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অমিতাভ। রসিকতার সুরে তিনি লেখেন, মানুষ নানা কথা বললেও তিনি স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছেন। তাঁর এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকে বলেন, অভিনেতা আগের মতোই প্রাণবন্ত আছেন।
সম্প্রতি নিজের ঘুমের সমস্যার কথাও প্রকাশ্যে এনেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনিদ্রায় ভুগছেন। গভীর রাত পর্যন্ত কাজের ব্যস্ততায় অনেক সময় ঠিকমতো ঘুম হয় না। এ সময় ধীরলয়ের সেতার ও গিটারের সুর শুনে তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন।
কাজের ক্ষেত্রেও এখনো বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। ছবিতে তাঁর অভিনীত অশ্বত্থামা চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এই ছবির পরবর্তী কিস্তির কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।