ঢাকা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল আটটার কিছু পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে জানা গেছে, গত বছরের ২৮ আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন এক আইনজীবী। এর আগে, একই অভিযোগে ২৫ আগস্ট ফতুল্লা থানায় আরও একটি মামলা করা হয়েছিল।

উল্লেখ্য, এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে বয়সসীমা পূর্ণ করে অবসর গ্রহণ করেন।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি জনসমক্ষে আর দেখা দেননি।

বিচারাঙ্গনে আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব হিসেবে খায়রুল হকের বেশ কিছু রায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে তিনি একাধিকবার সুযোগ-সুবিধা লাভ করেছেন। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সময় তার কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করা হয়।

অবসরের আগে আলোচিত ত্রয়োদশ সংশোধনী মামলায় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন, যা দেশের রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হয়। এছাড়া বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগও উঠে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স