ঢাকা

বালেন্দ্র শাহের নেতৃত্বে দল নেপালের নির্বাচনে প্রাথমিকভাবে এগিয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

নেপালের সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিশাল জয়ের দিকে এগোচ্ছে। ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। নেপালের নির্বাচন কমিশনের আজ রোববার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ১৬৫টি একক নির্বাচনী এলাকার মধ্যে ১৬৪টির ফলাফল ও এগিয়ে থাকা প্রার্থীদের নাম জানা গেছে।

এর মধ্যে আরএসপি সরাসরি ১১২টি আসনে জয়ী হয়েছে এবং আরও ১৩টি আসনে এগিয়ে আছে। সমানুপাতিক পদ্ধতির আসনগুলো যুক্ত হলে, সংসদের নিম্নকক্ষে আরএসপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। সমানুপাতিক ভোট গণনাতেও আরএসপি বড় ব্যবধানে এগিয়ে আছে। দেশজুড়ে গণনা করা মোট ৩৫ লাখ ৩৮ হাজার ৯৭১ ভোটের মধ্যে আরএসপি পেয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ৬ ভোট। এটি এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রায় অর্ধেক এবং অন্য সব দলের সম্মিলিত ভোটের চেয়েও বেশি।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালি কংগ্রেস, যা পেয়েছে ৬ লাখ ৩৯৯ ভোট। এছাড়া সিপিএন-ইউএমএল পেয়েছে ৫ লাখ ২ হাজার ৫৫২ ভোট, নেপালি কমিউনিস্ট পার্টি ২ লাখ ৩৭ হাজার ৮১৮ ভোট, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ১ লাখ ২৮ হাজার ৩৪৪ ভোট এবং শ্রম সংস্কৃতি পার্টি ৭৪ হাজার ১১৫ ভোট।

সরাসরি ভোটের লড়াইয়ে নেপালি কংগ্রেস ১৬টি আসনে জয়ী এবং ১টিতে এগিয়ে আছে। সিপিএন-ইউএমএল ৭টিতে জয়ী ও ৩টিতে এগিয়ে, নেপালি কমিউনিস্ট পার্টি ৫টি আসনে জয়ী ও ২টিতে এগিয়ে, শ্রম সংস্কৃতি পার্টি ২টিতে জয়ী ও ১টিতে এগিয়ে আছে। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও একজন স্বতন্ত্র প্রার্থী ১টি করে আসনে জয়ী হয়েছেন। একটি নির্বাচনী এলাকার ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

নেপালের প্রতিনিধি সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৮৪টি আসন প্রয়োজন। নির্বাচন কমিশনের গণনা পদ্ধতি অনুযায়ী সমানুপাতিক আসন বণ্টনের পর আরএসপি এই ‘ম্যাজিক ফিগার’ পার করবে অথবা এর খুব কাছাকাছি পৌঁছাবে। একবার পূর্ণ গণনা শেষে সমানুপাতিক আসনের বণ্টন চূড়ান্ত হলে জানা যাবে, দলটি এককভাবে সংবিধান সংশোধনের ক্ষমতা অর্জন করতে পারবে কি না।

এই নির্বাচনের ফলাফল এবং আরএসপি’র শক্তিশালী অবস্থান নেপালের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন দিক দিচ্ছে, যেখানে দলটি এককভাবে সরকার গঠনের মাধ্যমে সংবিধান সংশোধন এবং দেশের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স