ঢাকা

ভিয়েনায় বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা চাইল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা, কৌশলগত স্বার্থ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি প্রতিরক্ষা, সন্ত্রাস দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে লর্ড হ্যানসনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক সংস্কার অব্যাহত রাখতে যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি নিরাপত্তা খাতের সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের পুলিশ ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার অনুরোধ জানান, যাতে মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহি আরও শক্তিশালী করা যায়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

জবাবে লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাত সংস্কারের উদ্যোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় দেশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি উল্লিখিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স