ঢাকা

জুলাই বিপ্লবের উত্তরাধিকার নিয়ে ১৯ জুলাই ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২, ২০২৬)। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের আগামীর পথচলা’

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি)-এর প্রতিনিধি একরাম উদ্দিন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সম্মেলনে জুলাই বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইনি ও প্রাতিষ্ঠানিক প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা হবে। পাশাপাশি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে প্রয়োজনীয় সংস্কার নিয়ে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মতবিনিময় করবেন।

সম্মেলনের আয়োজন করছে আরআইটি, ডাকসু, ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, ইউনিভার্সিটি অব রেজিনা (কানাডা), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস। এছাড়া মানবাধিকার ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনও এ উদ্যোগের সহযোগী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন অধ্যাপক আ ফ ম খালিদ হোসাইন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সিরিয়াবিষয়ক প্রতিনিধি হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম। উদ্বোধনী বক্তব্য দেবেন সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসাইন

সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে পাঁচটির বেশি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে একটি বিশেষ প্রোটোকল সেশনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মূল প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি নির্বাচিত ৮০টি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপন করা হবে। প্রথম প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন আরআইটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। সম্মেলনের ঘোষণাপত্র উপস্থাপন করবেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুল্লাহ এবং সমাপনী বক্তব্য দেবেন আরআইটির নির্বাহী পরিচালক একরাম উদ্দিন

আয়োজকদের প্রত্যাশা, জুলাই বিপ্লবের উত্তরাধিকার, জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গবেষণাভিত্তিক অর্থবহ আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন ভূমিকা রাখবে। এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স