ঢাকা

জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ: রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিন ধরে চলা বৈষম্য, দুর্নীতি, গুম, হত্যা, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। তিনি শহীদদের স্বপ্নের ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই একটি তাৎপর্যপূর্ণ দিন। তিনি জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনন্য অবদান হিসেবে উল্লেখ করেন।

বাণীতে আন্দোলনে আহত তরুণ-তরুণী ও যুবকদের প্রতিও সম্মান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, অনেকেই গুরুতর আহত হয়ে আজও শারীরিক কষ্ট নিয়ে জীবন কাটাচ্ছেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আন্দোলনে অংশ নেওয়া সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগের প্রশংসা করেন।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দেয়। এরপর শিক্ষার্থীদের গ্রেপ্তার, দমন-পীড়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান আরও বিস্তৃত রূপ নেয়।

তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক শক্তির অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের দাবিতে মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার উৎস জনগণ। তাই নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তাঁর মতে, জুলাইয়ের চেতনা একটি মানবিক, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, শহীদ ও আহত আন্দোলনকারীদের যথাযথ সম্মান, তাঁদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীর শেষে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স