ঢাকা

ঢাবিতে অনশন ৫০ ঘণ্টা অতিক্রম, উপাচার্যের আহ্বানেও অনড় শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের চলমান আমরণ অনশন ৫০ ঘণ্টা পেরিয়েছে। শুক্রবার রাতে অনশনরতদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও শিক্ষার্থীরা নিজেদের অবস্থানে অটল থাকেন।

রাত সাড়ে ১০টার দিকে উপাচার্য রাজু ভাস্কর্যে গিয়ে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। এ সময় তাঁর সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাঁদের উত্থাপিত বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট এবং এ ধরনের সিদ্ধান্ত সংসদেই নেওয়া হয়। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অনশন ভাঙার অনুরোধ জানান এবং তাঁদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তবে অনশনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেন। অনশনরত শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, উপাচার্যের বক্তব্যে তাঁদের দাবির প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে তাঁদের মনে হয়েছে।

এই অনশনে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। তাঁরা বুধবার রাত থেকে কোনো খাবার গ্রহণ ছাড়াই অবস্থান করছেন।

এদিকে অনশনকারীদের প্রতি সংহতি জানাতে রাজু ভাস্কর্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। জুলাইয়ের আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে গিয়ে সমর্থন জানাচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স