বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত ২০২৬ সালের ‘টাইম ১০০’ তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিউইয়র্কভিত্তিক সাময়িকী টাইম বুধবার এ তালিকা প্রকাশ করে।
এবারের তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি—যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন।
‘লিডারস’ বা নেতৃত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। সাময়িকীটির বর্ণনায় বলা হয়েছে, অল্প কিছুদিন আগেও তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিরোধী রাজনীতির নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে উঠে আসেন তিনি। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকার পর নির্বাচনে জয় পেয়ে সক্রিয়ভাবে দেশের রাজনীতিতে ফিরে আসেন।
প্রতিবেদনে তাঁর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, তাঁর মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে।
টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে তিনি দেশের ঐক্য প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজে মনোযোগ দিতে চান।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন—এসব বিষয় দ্রুত সমাধান করা জরুরি। পাশাপাশি অতীতের দুর্নীতির অভিযোগ (যদিও আদালতে তা খারিজ হয়েছে) তাঁর জন্য রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
তারেক রহমানের ভাষায়, “দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে।”