ঢাকা

জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশের বাড়তি জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাসের ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি দ্রুত সিদ্ধান্ত ও সমন্বিত উদ্যোগের দাবি রাখে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা এখন সময়ের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, এই পরিস্থিতি দেশগুলোর পারস্পরিক নির্ভরতা ও সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। এককভাবে কোনো দেশের পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তাই আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, সংকটের প্রভাব কমাতে সরকার ইতিমধ্যে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন, জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহারের উদ্যোগ, রেশনিং ব্যবস্থা চালু এবং খুচরা পর্যায়ে সরবরাহ নিয়ন্ত্রণ। পাশাপাশি মজুতদারি ও অযৌক্তিক কেনাকাটা ঠেকাতে প্রযুক্তিনির্ভর উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান সংকটের তীব্রতা অতীতের বড় জ্বালানি সংকটগুলোকেও ছাড়িয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে চলমান পরিস্থিতি সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করছে।

তিনি আরও বলেন, এই সংকট শুধু বাংলাদেশের নয়; অনেক দেশই একই পরিস্থিতির মুখোমুখি। তাই সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ছাড়া এর কার্যকর সমাধান সম্ভব নয়। বিশেষ করে স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপ জরুরি।

সম্মেলন আয়োজনের জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভার্চ্যুয়াল এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব অংশ নেন। প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকে এতে যুক্ত হয়ে বক্তব্য দেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স