ঢাকা

জ্বালানি তেল ইস্যুতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে নজরদারি জোরদারের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

জ্বালানি তেল ইস্যুতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে নজরদারি জোরদারের নির্দেশ

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুলিশকে কঠোর নজরদারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার রমনায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলা এ সভায় সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অপরাধ বিভাগের উপকমিশনার, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কমিশনার বলেন, রাজধানীর ফুটপাত থেকে যেসব হকার উচ্ছেদ করা হয়েছে, তারা যেন পুনরায় সেখানে বসতে না পারে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পুনরায় অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রতিটি বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও ওসিদের নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির নির্দেশ দেওয়া হয়।

চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। থানাগুলোতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন। জনবান্ধব পুলিশিং জোরদারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষ যেন থানায় গিয়ে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে বলেন।

তিনি জানান, বর্তমানে ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত ফুট পেট্রল বাড়ানো, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। কোনো এলাকায় অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় শূন্য সহিষ্ণু নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ এবং শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে হাজারীবাগ থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে পল্লবী জোনের সহকারী কমিশনার মো. জাহিদ হোসেন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) যৌথভাবে হয়েছেন খিলগাঁও থানার এসআই আবু সায়েম ও ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।

গোয়েন্দা বিভাগে সেরা হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম। ট্রাফিক বিভাগে সেরা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। যৌথভাবে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন মহাখালী জোনের সার্জেন্ট আঞ্জুম আল-হাসিব ও মোহাম্মদপুর জোনের সার্জেন্ট রাসেল আলম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স