ঢাকা

হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা আয়োজনের পথে বাধা নেই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগসংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি ও পরীক্ষার সূচি স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার এ আদেশ দেন। নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এর ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ঘোষিত অষ্টম নিয়োগ পরীক্ষার এমসিকিউ ধাপ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে পারবে। আগামী ১৮ এপ্রিল পরীক্ষাটি নেওয়ার কথা রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি জানান, আদালতের সর্বশেষ আদেশে পরীক্ষা গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট সংশোধিত বিজ্ঞপ্তি ও পরীক্ষাসূচির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছিলেন। সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন জানায়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুসসহ রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটকারীদের পক্ষ থেকে জানানো হয়, ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ জানুয়ারি প্রথম বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ, যেখানে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। পরে এমপিও নীতিমালায় পরিবর্তন এনে প্রধান ও সহকারী প্রধান পদের জন্য ১৮ বছরের অভিজ্ঞতা নির্ধারণ করা হয়। এরপর আগের বিজ্ঞপ্তি বাতিল করে ২৫ মার্চ ১১ হাজার ১৫১টি পদে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ৯ এপ্রিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়।

এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারী রিট দায়ের করেন। তাঁদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে সেই স্থগিতাদেশ আপাতত কার্যকর থাকছে না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স