ঢাকা

চিফ হুইপকে ঘিরে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সামাজিক যোগাযোগমাধ্যমে চিফ হুইপ নূরুল ইসলাম (মনি) সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে চাপ সৃষ্টি করার অভিযোগে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তির নাম এ এম হাসান নাসিম (৩৫)। তিনি একটি ফেসবুক পেজের প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন।

শুক্রবার রাতে পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে শনিবার গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে করা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সাইবার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গ্রেপ্তারের পর নাসিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করলে আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি সূত্রে জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছে যে চিফ হুইপকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে তার হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের এক সমর্থক বাদী হয়ে মামলাটি করেন। তদন্তে নেমে ডিবির একটি দল নাসিমকে শনাক্ত ও গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মুঠোফোন ও কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

ডিবির সাইবার বিভাগ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।

গ্রেপ্তারের প্রতিবাদে এনসিপি

এ ঘটনায় এ এম হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এক বিবৃতিতে দলটি অভিযোগ করেছে, একজন নাগরিককে অযৌক্তিকভাবে গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে। তারা সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এবং দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স