ঢাকা

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে স্থিতাবস্থা চেয়ে আপিল বদিউল আলম মজুমদারের আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আগের অবস্থায় বহাল রাখতে স্থিতাবস্থা চেয়ে আপিল করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সচিবালয়ের বর্তমান কাঠামো ও কার্যক্রম স্থগিত রাখার অনুরোধও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এই আপিল দায়ের করা হয়েছে। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার আবেদনটি জমা দেওয়া হয়।

উল্লেখ্য, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন’ প্রণয়নের মাধ্যমে সচিবালয়সংক্রান্ত পূর্বের অধ্যাদেশ বাতিল করা হয়। আইনে বলা হয়েছে, সচিবালয় বিলুপ্ত করে এর বাজেট, প্রকল্প ও কার্যক্রম আইন ও বিচার বিভাগে হস্তান্তর করা হবে এবং সংশ্লিষ্ট পদগুলো বাতিল হবে। এসব কার্যক্রম আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের একটি অংশ বাতিল ঘোষণা করে এবং স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেয়। একই সঙ্গে আপিলের সুযোগ রেখে সার্টিফিকেট প্রদান করা হয়।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করে এবং তা কার্যক্রম শুরু করে। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর চলতি মাসে রহিতকরণ আইন পাস করা হয়, যার মাধ্যমে সচিবালয় বিলুপ্তির পথ তৈরি হয়।

আইনজীবীরা জানান, হাইকোর্টের রায় এবং পরবর্তী সময়ে সরকারের পদক্ষেপ—উভয় বিষয়কে কেন্দ্র করেই আপিলে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে আবেদন করা হয়েছে এবং দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, সচিবালয়ের কার্যক্রম চালু রাখার নির্দেশনা চেয়ে করা একটি রিটের শুনানি আপাতত মুলতবি রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন হওয়ায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট শুনানি করা যুক্তিযুক্ত হবে না।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, পূর্বের রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, রিট আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, আপিলের অগ্রগতি বিবেচনা করে আদালত পরবর্তী শুনানির সিদ্ধান্ত নেবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স