চা-শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ এবং মানবেতর জীবনসংগ্রামের বাস্তবতা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার পায়রা চত্বরে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রযোজনা অনুষ্ঠিত হয়।
নাটকের বিভিন্ন দৃশ্যে ফুটে ওঠে চা-বাগানের শ্রমিকদের দৈনন্দিন কষ্ট, স্বল্প মজুরি, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষাবঞ্চনা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবহেলিত জীবন। শুরুতেই একটি গান দিয়ে শ্রমিকদের ইতিহাস ও বেদনার প্রেক্ষাপট তুলে ধরা হয়, যা দর্শকদের আবেগে নাড়া দেয়।
নাটকের মাঝামাঝি সময়ে প্রতীকীভাবে ‘মালিক শ্রেণি’র উপস্থিতি দেখানো হয়, যার মাধ্যমে শোষণ ও বৈষম্যের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। শেষাংশে আশাবাদী সুরে একটি গান পরিবেশনের মধ্য দিয়ে পরিবর্তনের প্রত্যাশা তুলে ধরা হয়।
নাটকের লেখক ও নির্দেশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, চা-শ্রমিকরা দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর একটি। স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার—সব ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার। এই নাটকের মাধ্যমে সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছে।
অভিনয়ে অংশ নেওয়া শিক্ষার্থী ওহিদুজ্জামান টনি বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কোনো দয়ার বিষয় নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব। নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত—এটি মেনে নেওয়া যায় না।
নাটক শেষে শ্রমিকদের পক্ষে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে ন্যায্য মজুরি নির্ধারণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য নিরাপদ মাতৃত্ব সুবিধা, শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পূর্ণ নাগরিক অধিকার ও জমির মালিকানা নিশ্চিত করা।
প্রযোজনাটিতে আরও অভিনয় করেন নিলয় বালা, আফরীনা আবতাহি আতীশা, তাসনিয়াদ শাওলিন, নাহিদ আলম ও তাসকিন খান।