ঢাকা

রোববার থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন, ৩৪ অধিবেশনে আলোচনায় ৪৯৮ প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার (৩ মে), যা চলবে ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসকদের পাঠানো প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সরকারের নীতিনির্ধারকেরা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে বিভাগীয় কমিশনার ও ডিসিরা সারা দেশ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা দেন, যেগুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে ডিসিরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, নীতিনির্ধারণে সহায়তা এবং প্রশাসনিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাই এই সম্মেলনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন।

সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার ও ডিসিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন।

প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। দিনশেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন ডিসিরা।

দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। একই দিনে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

তৃতীয় দিনে সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হবে। এদিন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসবে।

শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা শেষে সম্মেলনের সমাপ্তি ঘটবে। রাতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ও নৈশভোজের আয়োজন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স