ঢাকা

শেরপুরে শিল্পবর্জ্যে নদীদূষণ বন্ধে ব্যর্থতা নিয়ে হাইকোর্টের রুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বগুড়ার শেরপুর উপজেলায় দুটি শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ্যের কারণে ফুলজোড়, করতোয়া ও বাঙালী নদীর দূষণ বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও জনস্বার্থের পরিপন্থী ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আলোচিত প্রতিষ্ঠান দুটি হলো এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড।

রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আইন অনুযায়ী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট নদীগুলোকে সুরক্ষায় নির্দেশ কেন দেওয়া হবে না, সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে এই রিট দায়ের করে। শুনানিতে রিটের পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেন।

আদালত পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ১২ জন বিবাদীকে নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, শিল্পপ্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে ২০২৪ সালে করা পৃথক রিটের সঙ্গে বিষয়টি একসঙ্গে শুনানির জন্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বেলার তথ্য অনুযায়ী, শেরপুর এলাকায় অবস্থিত এই দুটি শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য দীর্ঘদিন ধরে আশপাশের নদীগুলোতে ফেলায় করতোয়া, বাঙালী ও ফুলজোড় নদীর পানি ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পরিবেশ অধিদপ্তর অতীতে একাধিকবার জরিমানা করলেও দূষণ বন্ধে স্থায়ী সমাধান হয়নি। এ অবস্থায় নদী ও জীববৈচিত্র্য রক্ষায় আদালতের হস্তক্ষেপ কামনা করে রিটটি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স