বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.dot.gov.bd
) এবং পৃথক কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনলাইনে সহজেই তাদের ফলাফল দেখতে পারছেন।
ফলাফল প্রকাশের পাশাপাশি ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিও জমা দিতে হবে। ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা ব্যাংক বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থ জমা দেওয়ার রশিদ প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের দপ্তর থেকে ভর্তি ফরম ও অঙ্গীকারনামা সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দেবেন।
এ ছাড়া ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত চিকিৎসকের স্বাস্থ্য সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। সংরক্ষিত কোটার ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অন্যদিকে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের সনদের মূল কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজ পরিবর্তন বা মাইগ্রেশন সংক্রান্ত নীতিমালাও স্পষ্টভাবে জানানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফা মাইগ্রেশনের জন্য চার হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট কলেজে পরিশোধ করতে হবে। তবে তৃতীয় ও পরবর্তী মাইগ্রেশনের ক্ষেত্রে নতুন কলেজে ভর্তির জন্য পূর্ণ ভর্তি ফি পুনরায় প্রদান করতে হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভর্তি আবেদনের সময় টেলিটকের মাধ্যমে দেওয়া কলেজ পছন্দক্রমই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এই পছন্দক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের আসন বরাদ্দ ও মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেট ও নির্দেশনা জানতে শিক্ষার্থীদের নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।