বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আন্তর্জাতিক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ Fulbright Foreign Student Program–এর আওতায় ২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৬০টি দেশের মেধাবী শিক্ষার্থীরা প্রতি বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পান।
প্রতিবছর গড়ে প্রায় চার হাজার শিক্ষার্থী এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত হন। স্কলারশিপপ্রাপ্তদের জন্য রয়েছে পূর্ণ অর্থায়নের সুবিধা—যার মধ্যে ভিসা সহায়তা, বিমানভাড়া, সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা এবং বইপত্র ক্রয়ের জন্য আলাদা বরাদ্দ অন্তর্ভুক্ত।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস–এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এর আওতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পাবলিক পলিসি, পরিবেশ বিজ্ঞান, আরবান প্ল্যানিং, শিল্পকলা, মনোবিজ্ঞান এবং নিরাপত্তা অধ্যয়নসহ বিস্তৃত বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
যোগ্যতা ও অগ্রাধিকার
এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যারা আগে যুক্তরাষ্ট্রে কোনো ডিগ্রি অর্জন করেননি বা বর্তমানে সেখানে অধ্যয়নরত নন, তারা আবেদন করতে পারবেন।
এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠান, নীতিনির্ধারণী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত তরুণ ও মধ্যম পর্যায়ের পেশাজীবীদের।
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণে ইন্টারনেটভিত্তিক টোয়েফলে ন্যূনতম ৯০ বা আইইএলটিএসে অন্তত ৭ স্কোর থাকতে হবে। পাশাপাশি, আবেদনকারীদের বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে—স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র, তিনজন সুপারিশকারীর অনলাইন রেফারেন্স লেটার, একাডেমিক রেকর্ড সংক্রান্ত তথ্যফরম এবং ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোর।
যেসব প্রার্থী আগে জিআরই বা জিম্যাট পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা চাইলে সেই স্কোরও জমা দিতে পারবেন, যদিও এটি বাধ্যতামূলক নয়।
সময়সীমা ও যোগাযোগ
আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ সময় ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
আবেদন করতে আগ্রহীদের প্রথমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করে পূর্ণাঙ্গ নির্দেশনা অনুসরণ করতে হবে। স্কলারশিপ সংক্রান্ত অতিরিক্ত তথ্য বা সহায়তার জন্য dhakausexchanges@state.gov
ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।
বৈশ্বিক সুযোগের দ্বার
বিশেষজ্ঞরা মনে করছেন, ফুলব্রাইট স্কলারশিপ শুধু উচ্চশিক্ষার সুযোগই নয়, বরং এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার প্ল্যাটফর্ম। এই প্রোগ্রামের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা দক্ষতা এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ ভবিষ্যৎ নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।