জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার চিফ হুইপের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করা, ই-গভর্ন্যান্স ও ই-পার্লামেন্ট ব্যবস্থা, দারিদ্র্য হ্রাস, পরিবেশ সংরক্ষণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালিসহ নানা বিষয় উঠে আসে।
বৈঠকে চিফ হুইপ বলেন, বাংলাদেশে অর্থনৈতিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। দারিদ্র্য কমাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সহায়তা কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও খাল পুনঃখননের মতো কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতা থাকলে অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়। জ্বালানি খাতে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে কিছু সমস্যার ইতিমধ্যে সমাধান হয়েছে বলেও জানান তিনি।
ইউএনডিপির সহকারী প্রোগ্রাম উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপভিচ বলেন, সংসদ সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও জোরদার করতে ইউএনডিপি সহযোগিতা করতে আগ্রহী। সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।