জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ শুনানির নবম দিনে প্রতিরক্ষা পক্ষ তাদের বক্তব্য শেষ করে। আদালতে আইনজীবী দাবি করেন, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা যায়নি। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে।
গত ১০ এপ্রিল থেকে ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। দীর্ঘ শুনানির পর বুধবার তা সমাপ্ত হয়। এরপর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। আগামীকালও প্রসিকিউশনের শুনানি চলবে বলে জানা গেছে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবী আদালতে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে।
প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষা পক্ষ দাবি করেছে যে ঘটনাটি গণ–অভ্যুত্থান ছিল না; বরং এটি ছিল অস্থিরতা ও সংঘাত। রাষ্ট্রপক্ষ মনে করে, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং মামলার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণও নয়।