ঢাকা

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর হচ্ছে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঢাকা মহানগরে চলাচলকারী লক্কড়ঝক্কড় ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যানবাহনের মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, নির্ধারিত অর্থনৈতিক মেয়াদ বা ‘ইকোনমিক লাইফ’ শেষ হওয়া কোনো যানবাহন যেন রাজধানীতে পরিচালনা না করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে এখনো অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাস, মিনিবাস এবং পণ্যবাহী যান চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। এতে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীতিমালা অনুযায়ী, বাস ও মিনিবাসের অর্থনৈতিক মেয়াদ ২০ বছর। অন্যদিকে ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী যানবাহনের ক্ষেত্রে এই সীমা ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময় পার হওয়া ঝুঁকিপূর্ণ যানবাহন রাজধানীতে চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে জরিমানা, যানবাহন জব্দ করে ডাম্পিংয়ে পাঠানোসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স