ঢাকা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব, উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ইস্রাফীল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. ইস্রাফীল। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. ইস্রাফীলকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই অবসরের নির্ধারিত সময় পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক ইস্রাফীলকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক মো. ইস্রাফীল দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করে আসছেন। একাডেমিক কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি শিক্ষাঙ্গনে পরিচিত মুখ হিসেবে বিবেচিত। তাঁর নেতৃত্বে নবীন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রশাসনিক ও একাডেমিক কাঠামো শক্তিশালী করার কাজ এগিয়ে নিচ্ছে। নতুন উপাচার্যের নিয়োগ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স