ঢাকা

ভালভের্দের চোটে স্বস্তির খবর বার্সেলোনার শিবিরে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

রিয়াল মাদ্রিদের অনুশীলনে সতীর্থদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে চোট পেয়েছেন ফেদেরিকো ভালভের্দে। এতে আসন্ন এল ক্লাসিকোর আগে স্বস্তির খবর পেয়েছে বার্সেলোনা। কারণ মাথায় আঘাত পাওয়ায় রিয়ালের এই উরুগুইয়ান মিডফিল্ডারের মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার অনুশীলনের সময় অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ভালভের্দে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পরে তাঁকে হাসপাতালে নিতে হয়। ঘটনাটিকে কেন্দ্র করে দুই ফুটবলারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অনুশীলনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ভালভের্দের মাথায় আঘাত লাগে এবং তাঁর কপালে সেলাইও দিতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হতে তাঁর ১০ থেকে ১৪ দিন বিশ্রাম প্রয়োজন হতে পারে।

এতে বাংলাদেশ সময় রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে তাঁর খেলা প্রায় অনিশ্চিত। ম্যাচটি জিততে পারলেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন ভালভের্দে। তিনি জানান, অনুশীলনে প্রতিযোগিতার চাপ ও ক্লান্তি থেকে সতীর্থের সঙ্গে তর্ক হয়েছিল। তবে বাইরে যেভাবে বিষয়টি ছড়ানো হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা গুরুতর ছিল না বলেও দাবি করেন তিনি।

ভালভের্দের ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে অসাবধানতাবশত একটি টেবিলের কোণায় মাথায় আঘাত লাগে তাঁর। তিনি জোর দিয়ে বলেন, চুয়ামেনি তাঁকে ঘুষি মারেননি এবং তাঁদের মধ্যে ইচ্ছাকৃত মারামারিও হয়নি।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গত কয়েক দিন ধরেই দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা চলছিল। অনুশীলনের দিন সেই উত্তেজনার রেশ আরও বাড়ে। যদিও ক্লাব বা খেলোয়াড়দের প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বর্তমানে লা লিগার শিরোপা দৌড়ে রিয়ালের অবস্থা বেশ চাপে। ৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দুই দলের সামনেই বাকি আছে আরও চারটি ম্যাচ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স