ঢাকা

আনচেলত্তির সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ব্রাজিল, বাড়ছে চুক্তির সময়সীমা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইতালিয়ান এই কোচকে দায়িত্বে রাখতে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত বছর মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তাঁর অধীনেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ফুটবল বিশ্বকাপের আসর।

৬৬ বছর বয়সী আনচেলত্তি এর আগে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের দায়িত্ব সামলেছেন। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির মতো ক্লাবে সফল সময় কাটানো এই কোচ চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক পাঁচবার শিরোপা জয়ের কীর্তিও গড়েছেন।

চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরেই সিবিএফের সঙ্গে তাঁর আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার ফোর্তালেজায় আয়োজিত ‘ফুটপ্রো এক্সপো’ অনুষ্ঠানে সিবিএফ সভাপতি সামির জাউদ জানান, বিশ্বকাপ শুরুর আগেই নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, আনচেলত্তির প্রতিনিধিদের সঙ্গে চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ চলছে এবং বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিশ্বকাপের পরও ব্রাজিল দলের দায়িত্বে থাকতে আগ্রহী বলে আগেই জানিয়েছেন আনচেলত্তি। তাঁর নেতৃত্বে দলটি নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে।

আগামী ১৮ মে রিও ডি জেনিরোতে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই ম্যাচ শেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে দলটি।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নিউ জার্সিতে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স