বিশ্বকাপ মানেই জমজমাট ফুটবল উৎসব, আর সেই উৎসবের সঙ্গে শাকিরার নাম যেন আলাদাভাবে জড়িয়ে গেছে। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্বকাপ মাতানো কলম্বিয়ান পপ তারকা এবারও ফিরছেন নতুন চমক নিয়ে। ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘ডাই ডাই’-এর টিজার।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেন শাকিরা। সেখানে তিনি জানান, নতুন এই গানই হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল সংগীত। গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় আফ্রোবিটস শিল্পী বার্না বয়।
ভিডিওতে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দেখা যায় শাকিরাকে। তাঁর হাতে ছিল ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। শুধু নতুন বল নয়, ভিডিওতে জায়গা পেয়েছে আগের কয়েকটি বিশ্বকাপের স্মারক বলও—২০০৬, ২০১০ ও ২০১৪ আসরের বল ব্যবহার করা হয়েছে কোরিওগ্রাফির অংশ হিসেবে।
গানটির একটি অংশে শাকিরা ইংরেজিতে গেয়েছেন সাহস, আত্মবিশ্বাস ও ঘুরে দাঁড়ানোর বার্তা। পুরো ভিডিওজুড়ে ফুটবল উৎসবের আমেজ তুলে ধরতে বিভিন্ন দেশের জার্সির রঙে সজ্জিত নৃত্যশিল্পীদেরও দেখা গেছে।
‘ডাই ডাই’ গানটি আফ্রিকান, লাতিন ও আরবান সুরের মিশ্রণে তৈরি। কোরাসে বারবার শোনা যায়, “ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো”—যা ফুটবল সমর্থকদের উদ্দীপনা ও এগিয়ে যাওয়ার মানসিকতাকে তুলে ধরেছে।
ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমেও টিজারটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর শেষাংশে ছিল একটি ছোট বার্তা—“আমরা প্রস্তুত।” জানা গেছে, আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে পুরো গানটি।
বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে তিনি পরিবেশন করেছিলেন ‘হিপস ডোন্ট লাই’। এরপর ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও তাঁর ‘লা লা লা’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরার উপস্থিতি ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠছে।