রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বাইফার পঞ্চম আয়োজন। শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণাঢ্য উৎসবে। আয়োজনের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় প্রবীণ অভিনেত্রী সুচন্দা এবং কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের হাতে।
চলচ্চিত্র বিভাগে জুরিবোর্ডের রায়ে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় ‘বনলতা এক্সপ্রেস’। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন শরীফুল রাজ। অন্যদিকে ‘সাবা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন মেহজাবীন চৌধুরী। একই বিভাগে সেরা পরিচালকের সম্মাননা পান রেদওয়ান রনি।
জনপ্রিয় বিভাগে ‘দম’ সিনেমার জন্য দর্শকপ্রিয় অভিনেতার পুরস্কার অর্জন করেন আফরান নিশো। জনপ্রিয় অভিনেত্রীর সম্মাননা পান সাবিলা নূর। একই সিনেমায় অভিনয়ের জন্য বিশেষ ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী।
নাটক বিভাগেও ছিল নানা চমক। ‘ফ্যামিলি ম্যান’ নাটকে অভিনয়ের জন্য জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেতা হন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তানজিন তিশা। সেরা নির্মাতা হিসেবে নির্বাচিত হন প্রবীর রায় চৌধুরী।
পপুলার ক্যাটাগরিতে ‘এটা আমাদেরই গল্প’ নাটক থেকে সেরা অভিনেতা হন খায়রুল বাসার। একই নাটকের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান কেয়া পায়েল এবং ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে পুরস্কার জেতেন দীপা খন্দকার।
ওটিটি বিভাগে ‘বোহেমিয়ান ঘোড়া’ কাজের জন্য জুরিবোর্ডের সেরা অভিনেতা নির্বাচিত হন মোশাররফ করিম। একই প্রজেক্টে অভিনয় করে বিশেষ স্বীকৃতি পান রুনা খান। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা হন তৌসিফ মাহবুব এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পান সাদিয়া আয়মান। জুরিবোর্ডের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হন তানজিকা আমিন। সেরা নির্মাতার সম্মাননা যৌথভাবে অর্জন করেন অমিতাভ রেজা চৌধুরী ও ভিকি জাহেদ।
সংগীত বিভাগে ‘যদি মনটা চুরি করি’ ও ‘ও জান’ গানের জন্য যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার পান কনা ও কোনাল। জনপ্রিয় বিভাগে সেরা গায়ক নির্বাচিত হন ইমরান মাহমুদুল, আর সেরা গায়িকার স্বীকৃতি যায় দোলা রহমানের ঝুলিতে।
এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশ করা হয় শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’র ট্রেলার। এছাড়া চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে মোট ২৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন খায়রুল বাসার ও তানজিন তিশা। মঞ্চজুড়ে ছিল নাচ, গান ও ফ্যাশন শোর আয়োজন। এতে অংশ নেন চাঁদনী, শরীফুল রাজ, সাবিলা নূর, দীঘি, ইরফান সাজ্জাদ, দোলা রহমান, আদর আজাদ, বারিষা হক, সেমন্তি সৌমি, সালমা, ঝিলিক, পূজা ও স্বপ্নীলসহ আরও অনেকে। লালগালিচার উপস্থাপনায় ছিলেন ইমতু ও নাদিয়া আফরিন।