ঢাকা

রিয়ালের অস্থিরতা নিয়ে মুখ খুলতে নারাজ ফ্লিক, মনোযোগ শুধু ক্লাসিকোতে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


লা লিগার শেষ দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে উত্তপ্ত হয়ে উঠেছে স্পেনের ফুটবল অঙ্গন। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনা এখন রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম ঘিরে। দলের দুই তারকা অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদে ভালভের্দের মধ্যে মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আরও চাপে পড়ে গেছে।

এমন অবস্থায় প্রতিপক্ষ বার্সেলোনা শিবিরে অবশ্য দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দলটির কোচ হান্সি ফ্লিক পুরো মনোযোগ রাখতে চান ম্যাচ ও দলের প্রস্তুতির ওপর। সংবাদ সম্মেলনে রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও সেগুলো এড়িয়ে যান জার্মান এই কোচ।

ফ্লিক স্পষ্ট ভাষায় বলেন, প্রতিপক্ষের ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি জানান, বিশ্বের সব ক্লাবেই কখনো না কখনো এমন ঘটনা ঘটে থাকে। তবে এসব নিয়ে সময় নষ্ট না করে নিজের দল নিয়েই ভাবতে চান তিনি।

লা লিগার বর্তমান পরিস্থিতিতে বার্সেলোনার সামনে সুযোগ রয়েছে ক্লাসিকো থেকেই শিরোপা নিশ্চিত করার। এই ম্যাচে হার এড়াতে পারলেই কাতালানদের শিরোপা জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। তাই ম্যাচের বাইরে কোনো বিতর্কে জড়িয়ে দলের মনোযোগ নষ্ট করতে চান না ফ্লিক।

তিনি বলেন, মৌসুমজুড়ে বার্সেলোনা যেভাবে খেলেছে, সেটার ধারাবাহিকতা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। মাঠে দলীয় পারফরম্যান্সের দিকেই গুরুত্ব দিতে চান তিনি।

নিজ দলের পরিবেশ নিয়ে অবশ্য বেশ সন্তুষ্ট বার্সা কোচ। তাঁর মতে, লা মাসিয়া একাডেমির খেলোয়াড়েরা দীর্ঘদিন একসঙ্গে বেড়ে ওঠায় দলের মধ্যে বোঝাপড়া ও সম্পর্ক অনেক শক্তিশালী। যদিও কোনো ড্রেসিংরুমই পুরোপুরি সমস্যামুক্ত নয়, তারপরও বর্তমান বার্সেলোনা স্কোয়াডের যোগাযোগ ও ঐক্যকে বিশেষভাবে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

বর্তমানে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে বেশ এগিয়ে আছে বার্সেলোনা। ফলে আসন্ন ক্লাসিকো শুধু মর্যাদার লড়াই নয়, শিরোপা নির্ধারণের ম্যাচ হিসেবেও বাড়তি গুরুত্ব পাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স