ঢাকা

ফিফার নতুন নিয়মে স্বস্তি আর্জেন্টিনার, প্রথম ম্যাচেই খেলতে পারবেন ওতামেন্দি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শৃঙ্খলাবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাছাইপর্বে কার্ডজনিত ছোটখাটো নিষেধাজ্ঞা আর মূল বিশ্বকাপে বহাল থাকবে না। ফলে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা ও ইকুয়েডর শিবিরে।

এই নিয়ম কার্যকর হওয়ায় আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার ময়জেস কাইসেদো বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের মতো বড় আসরে দলগুলো যেন তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই লক্ষ্যেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রাখা ও প্রতিযোগিতার মান অক্ষুণ্ন রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ফিফা কাউন্সিলের ব্যুরো কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ নীতিমালার সংশ্লিষ্ট ধারায় সংশোধন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে জমা হওয়া হলুদ কার্ড কিংবা সেই কারণে পাওয়া এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞা মূল টুর্নামেন্টে বহন করা হবে না।

এ ছাড়া দুটি হলুদ কার্ড থেকে পাওয়া লাল কার্ড, গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করার দায়ে সরাসরি লাল কার্ড কিংবা গুরুতর ফাউলের কারণে হওয়া নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞাও বিশ্বকাপে কার্যকর হবে না।

তবে ফিফা পরিষ্কার করে জানিয়েছে, গুরুতর আচরণগত অপরাধের কারণে বাছাইপর্বে পাওয়া স্থগিত নিষেধাজ্ঞা বিশ্বকাপেও বহাল থাকতে পারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছিল, ওতামেন্দির নিষেধাজ্ঞা নিয়ে তারা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। গত বছর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এই ডিফেন্ডার। একই ম্যাচে মাঠ ছাড়তে হয়েছিল কাইসেদোকেও।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি আলেহান্দ্রো দমিনগুয়েজও দুই খেলোয়াড়ের পক্ষে কাজ করেছেন বলে জানা গেছে।

এর আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও শাস্তি শিথিলের সিদ্ধান্ত আসে। বাছাইপর্বে লাল কার্ড দেখার পর তাঁর ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ স্থগিত করায় বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন তিনি।

এদিকে ফিফা আরও কিছু নিয়ম পরিবর্তনের কথাও জানিয়েছে। এখন থেকে গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের একটি করে হলুদ কার্ড মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পরও নতুন করে কার্ড গণনা শুরু হবে।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। শিরোপাধারী আর্জেন্টিনা ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে মিশন শুরু করবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স