ঢাকা

আবদুল্লাহপুরে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান এলাকায়। তবে জীবিকার প্রয়োজনে তিনি আবদুল্লাহপুরেই বসবাস করতেন।

নিহতের স্বজন শাহিনুর ইসলাম জানান, সকালে কাজ শেষ করে বাসস্ট্যান্ডসংলগ্ন একটি হোটেলে খাবার খান আনোয়ার। পরে রাস্তা পার হওয়ার সময় ইসলাম পরিবহনের একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে তিনি ছিটকে পড়ে একটি ব্যাটারিচালিত রিকশার নিচে আটকে যান এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান তিনি।

আহত অবস্থায় প্রথমে আনোয়ারকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স