দেশে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। সংগঠনটি এই ঘটনার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা এবং জরুরি ভিত্তিতে হাম রোগীদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপনের আহ্বান জানানো হয়েছে।
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা। পরে তারা ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিলও করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার বিভিন্ন নেতা।
তামজীদ হায়দার চঞ্চল বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে পুরোপুরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আনতে হবে এবং স্বাস্থ্যসেবাকে বাণিজ্যিক প্রভাবমুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা করার সুযোগ বন্ধ করতে হবে। শিক্ষা ও চিকিৎসা খাতকে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, শিশুমৃত্যুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর রাজনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সতর্কবার্তার পরও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, স্বাস্থ্য খাতের বাণিজ্যিকীকরণ সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার পথকে কঠিন করে তুলেছে। তাঁর মতে, এই সংকটের অন্যতম কারণ স্বাস্থ্যব্যবস্থার অব্যবস্থাপনা ও বাণিজ্যিক নির্ভরতা।
সমাবেশ শেষে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।