বিআরটিএর অনুমোদিত নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করা যানবাহনের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত নকশা, রং ও আকারের নম্বর প্লেট নির্দিষ্ট স্থানে সংযুক্ত রাখা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহ করা নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু যানবাহনে নির্ধারিত স্থানে নম্বর প্লেট লাগানো হয়নি। আবার অনেক চালক ও মালিক সরকারি নম্বর প্লেটের পরিবর্তে শুধু রং দিয়ে গাড়ির নম্বর লিখে ব্যবহার করছেন, যা আইনবহির্ভূত।
ডিএমপি আরও জানায়, অনেক মালিক নিবন্ধন নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও এখনো বিআরটিএ থেকে প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এ ছাড়া বহু গাড়ির উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারিতে সমস্যা তৈরি হচ্ছে।
যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, দ্রুত বিআরটিএর সরবরাহ করা নির্ধারিত মানের নম্বর প্লেট ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গাড়িতে থাকা আরএফআইডি ট্যাগ সচল আছে কি না, সেটিও যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, আগামী সপ্তাহ থেকে বৈধ নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।