ঢাকা

২৩ বছরের সম্পর্কের ইতি টানছেন কারভাহাল, ছাড়ছেন রিয়াল মাদ্রিদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক শেষ করতে যাচ্ছেন দানি কারভাহাল। চলতি মৌসুম শেষে স্প্যানিশ এই ডিফেন্ডার ক্লাব ছাড়বেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

৩৪ বছর বয়সী এই রাইট ব্যাকের বিদায়ের খবর প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে খেলোয়াড় ও ক্লাব। সেখানে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কারভাহালকে রিয়ালের “কিংবদন্তি” এবং “প্রতীক” হিসেবে উল্লেখ করেছেন।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসেও বিশেষ এক কীর্তির মালিক কারভাহাল। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার ছয়টি শিরোপা জিতেছেন তিনি এবং ছয়টি ফাইনালেই ছিলেন মূল একাদশে—যা এখনো অনন্য রেকর্ড।

মাদ্রিদে জন্ম নেওয়া কারভাহাল ২০০২ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন। যুব দল পেরিয়ে ২০১২ সালে তিনি বায়ার লেভারকুসেনে গেলেও মাত্র এক মৌসুম পরই তাঁকে ফিরিয়ে আনে রিয়াল। এরপর টানা ১৩ মৌসুম ধরে ক্লাবটির রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি।

রিয়ালের জার্সিতে ৪৫০টির বেশি ম্যাচ খেলে জিতেছেন ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৭টি ট্রফি। সময়ের সঙ্গে দলের অধিনায়কত্বও পেয়েছিলেন অভিজ্ঞ এই ফুটবলার।

তবে সাম্প্রতিক সময়ে চোটের কারণে নিয়মিত খেলতে পারছিলেন না কারভাহাল। এর সঙ্গে নতুন প্রতিদ্বন্দ্বীদের আগমনে তাঁর খেলার সময়ও কমে যায়। চলতি মৌসুমে লা লিগায় খুব বেশি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

সবকিছু বিবেচনায় নিয়ে তাঁর সঙ্গে নতুন চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে দীর্ঘ ২৩ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটছে এই মৌসুমেই।

আগামী শনিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে কারভাহালকে বিশেষভাবে সম্মান জানাবে রিয়াল মাদ্রিদ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স