ঢাকা

পুলিশের অনিয়মের তথ্য পেলেই ব্যবস্থা, চাকরিচ্যুতির হুঁশিয়ারি আইজিপির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ঘুষ–দুর্নীতির অভিযোগ পেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, থানায় জিডি বা মামলা করতে টাকা নেওয়া কিংবা মাদক ব্যবসা থেকে সুবিধা নেওয়ার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে।

রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর থানা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি জনগণকে অনিয়মের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের অল্পসংখ্যক অপরাধীর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। সাধারণ মানুষ একসঙ্গে প্রতিরোধ গড়ে তুললে অপরাধীরা টিকতে পারবে না। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপি আরও জানান, প্রতিটি জেলায় মাদক কারবারিদের তালিকা তৈরি এবং তাদের অর্থপাচারসহ অন্যান্য কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী হোসেন ফকির বলেন, জনগণের আস্থা ফেরাতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। দীর্ঘদিনের নানা অভিযোগ ও অনিয়মের কারণে পুলিশ জনগণ থেকে দূরে সরে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হওয়ায় জনগণের সহযোগিতা ছাড়া কার্যকর আইনশৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই জনবান্ধব কমিউনিটি পুলিশিং গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভা শেষে আইজিপি শাজাহানপুর থানা পরিদর্শন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স