ঢাকা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, বাংলাদেশিদের জন্যও আবেদনের সুযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিশ্বের সুবিধাবঞ্চিত ও মেধাবী তরুণদের নেতৃত্ব বিকাশে সহায়তা করতে আবেদন আহ্বান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’। সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত এই আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এ কর্মসূচিতে আবেদন করতে আইইএলটিএস বা অন্য কোনো আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষার সনদ বাধ্যতামূলক নয়।

‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি চালু করা হয়, যার লক্ষ্য হলো আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা তরুণদের দক্ষ নেতৃত্বে গড়ে তোলা এবং নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতা তৈরি করা।

এর আগে কর্মসূচিটি ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস প্রোগ্রাম’ নামে পরিচিত ছিল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী এতে অংশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব, পেশাগত উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন।

৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামটি মোট ৮ সপ্তাহব্যাপী পরিচালিত হবে এবং এতে তিনটি পৃথক মডিউল রয়েছে। অনলাইনভিত্তিক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশেই অবস্থান করে আন্তর্জাতিক মানের শিক্ষা, নেতৃত্ব প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।

প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক প্রভাব তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করবেন।

যেসব সুযোগ-সুবিধা পাবেন

নির্বাচিত অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের একাডেমিক ও পেশাগত সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

বিশ্বের বিভিন্ন দেশের অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ;
বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ;
হার্ভার্ডসহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের ক্লাসে অংশ নেওয়ার সুযোগ;
উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও অনুদান;
বৈশ্বিক পর্যায়ে মেধাবী তরুণ-তরুণীদের সঙ্গে সংযোগ স্থাপন;
সামাজিক বা উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের জন্য অর্থায়নের সুযোগ;
ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ।
কারা আবেদন করতে পারবেন

প্রোগ্রামটিতে আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীদের—

আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী হতে হবে;
বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে;
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অথবা সম্প্রতি স্নাতক সম্পন্ন করে থাকতে হবে;
পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে;
ইংরেজি ভাষায় অন্তত উচ্চমাধ্যমিক পর্যায়ের দক্ষতা থাকতে হবে।

বিশেষ করে যেসব শিক্ষার্থী সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য এই কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আবেদনের শেষ সময়

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ বিনামূল্যের এই আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি তরুণদের বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা বিকাশ, নতুন নেটওয়ার্ক গড়ে তোলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার একটি অনন্য সুযোগ তৈরি করছে। উচ্চশিক্ষা, সামাজিক উদ্যোগ কিংবা পেশাগত নেতৃত্বে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬ হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স