পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল ৭টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদের জামাতের আয়োজন রাখা হয়েছে। জামাতগুলো হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, শহীদুল্লাহ হলের মাঠে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খোলা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
অন্যদিকে গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ তিনটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম জামাত ভোর ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক ঈদগাহ ও অসংখ্য মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদ উপলক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ ঈদ অনুষ্ঠানমালা। হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশুসদনগুলোতেও বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।