ঢাকা

মুশফিকের ঝড়ো সেঞ্চুরি, টানা দুই ম্যাচে শতক হৃদয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচগুলোতে বৃষ্টির প্রভাব ছিল স্পষ্ট। ছয় ম্যাচের মধ্যে একটি ম্যাচ মাঠেই গড়ায়নি, আর বাকি পাঁচটি ম্যাচের কোনোটিরই নিষ্পত্তি হয়নি। তবে বৈরী আবহাওয়ার মাঝেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। তিনজনই তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

মুশফিক-হৃদয়ের দুর্দান্ত জুটি

পিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে মোহামেডান শুরুতেই পায় শক্ত ভিত। উদ্বোধনী জুটিতে আসে ১০৭ রান। মোহাম্মদ নাঈম ৫৩ এবং এনামুল হক ৬২ রান করে বিদায় নেন।

এরপর ক্রিজে এসে তাওহিদ হৃদয়ের সঙ্গে বিশাল জুটি গড়েন মুশফিকুর রহিম। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৭৩ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুশফিক মাত্র ৫৪ বলে শতক স্পর্শ করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। শেষ পর্যন্ত ৫৫ বলে ১০০ রান করে আউট হন তিনি।

অন্যদিকে হৃদয়ও দারুণ ছন্দে ছিলেন। ৬৫ বলে শতক পূর্ণ করে তিনি অপরাজিত থাকেন ১০১ রানে। এটি ছিল তাঁর টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি। তাঁদের ব্যাটে ভর করে ৪২ ওভারের ম্যাচে ৪ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে মোহামেডান।

জবাবে গাজী গ্রুপ ৪.৩ ওভারে ২ উইকেটে ৪২ রান তুলতেই আবার বৃষ্টি নামলে খেলা স্থগিত হয়। অবশিষ্ট অংশ রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে।

ইরফানের ব্যাটেও শতকের ঝলক

বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে অনবদ্য ইনিংস খেলেন ইরফান শুক্কুর। বাঁহাতি এই ব্যাটার ৯৯ বলে ১১৯ রান করেন, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। মেহেদী হাসান মিরাজও ৭২ রান যোগ করেন।

তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলটি ২৭৫ রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি। পরে আবাহনী ৬ ওভারে ১ উইকেটে ৫১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়।

অন্যান্য ম্যাচেও বৃষ্টির বাধা

ইউল্যাব মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স ও ঢাকা লেপার্ডসের ম্যাচে খেলা হয় মাত্র ২৭.৫ ওভার। সাইফ হাসানের অপরাজিত ৫৪ রানে ২ উইকেটে ১০৬ রান তোলে বসুন্ধরা।

অন্য ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ২১০ রানে অলআউট হওয়ার পর সিটি ক্লাব ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪২ রান। ফলে ম্যাচে গুলশান এগিয়ে রয়েছে।

ক্রিকেটার্স একাডেমি মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৭ ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

এদিকে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকৃতি জানালে কোনো খেলা ছাড়াই পূর্ণ পয়েন্ট পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স