ঢাকা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্নের পরিকল্পনা

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন—সব পর্যায়ের নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। বাজেটের প্রাপ্যতা ও প্রশাসনিক প্রস্তুতির ভিত্তিতে এই নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে।

সিটি করপোরেশন নির্বাচনও একই সময়সীমায়

স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উপজেলা পরিষদে এমপিদের জন্য পরিদর্শন কক্ষ

বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রম বর্তমানে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, এসব বর্জ্য ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেওয়া হয়। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের আওতায় চুক্তিভিত্তিকভাবে আনার প্রক্রিয়া চলছে।

চুক্তি সম্পন্ন হলে ছোট ছোট কাভার্ড ভ্যান ব্যবহার করে পরিবেশবান্ধবভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জন্ম ও মৃত্যুনিবন্ধনে ডিজিটাল সংস্কার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার ভার্সন–২ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট ব্যবস্থা যুক্ত করা হবে। পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে তথ্য পরিবর্তনের পূর্ণাঙ্গ লগ সংরক্ষণ করা হবে, যাতে কোনো তথ্য পরিবর্তন হলে তা সহজেই শনাক্ত করা যায়।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি কমাতে দেশের সব নিবন্ধক ও সহকারীকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সরকার স্থানীয় প্রশাসনিক সেবাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে কাজ করছে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স