২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দলের নাম সরাসরি প্রকাশ না করলেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন’
মতবিনিময় সভায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘বিশ্বকাপ ফুটবল চলছে। এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন?’
জবাবে তারেক রহমান সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি। তবে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’
এরপর ওই সাংবাদিকের দিকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাকিয়ে তিনি বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে তিনি ইংল্যান্ড জাতীয় দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন অনেকে।
লন্ডনে দীর্ঘ সময় ছিলেন তারেক রহমান
২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তারেক রহমান।
সেখানে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফিরে আসেন।
৪৮ দল নিয়ে হচ্ছে এবারের বিশ্বকাপ
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠেছে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে।
৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু ক্রোয়েশিয়ার বিপক্ষে
২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জুন রাত ২টায়। গ্রুপ পর্বের ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামছে ইংল্যান্ড। আর দেশটির দীর্ঘদিনের সমর্থকদের তালিকায় এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামও আলোচনায় এসেছে তাঁর মন্তব্যের কারণে।