ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আটকে রাখার অভিযোগ, পরে মিলেছে অনুমতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের ক্ষেত্রে সাময়িক জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পূর্বনির্ধারিত কূটনৈতিক যোগাযোগ সম্পন্ন থাকার পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বিমানবন্দরে কিছু সময় অপেক্ষায় রাখে।

সূত্রগুলোর দাবি, রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা ইমিগ্রেশন প্রক্রিয়ায় আটকে রাখা হয়। এ সময় তাঁর প্রবেশ অনুমোদন সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জানা গেছে, সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে ভারত সফরে গিয়েছিলেন জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হাইকমিশন বৈঠকে তাঁর অংশগ্রহণের বিষয়ে আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। তবুও বিমানবন্দরে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

পরবর্তীতে উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর দিল্লিতে প্রবেশের অনুমতি মিললেও উপদেষ্টা ভারতে অবস্থান না করার সিদ্ধান্ত নেন। পরে তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন এবং সেখান থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু করেন।

ঘটনার কারণ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স