ঢাকা

সংসদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান, ‘গেম’ নেই: চিফ হুইপ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো ধরনের ‘ফ্রেন্ডলি গেম’ বা সমঝোতার রাজনীতি চলছে—এমন ধারণা নাকচ করে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংসদে কোনো ‘গেম’ নেই। সরকার এমন একটি বিরোধী দল চায়, যারা জাতীয় ও যৌক্তিক বিষয়ে সহযোগিতা করবে, আবার প্রয়োজন হলে সরকারের সমালোচনাও করবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘মেসি-রোনালদো ফুটবলে, সংসদে নয়’

সম্প্রতি বাজেট আলোচনায় বিএনপির এক সংসদ সদস্য সংসদের বর্তমান পরিবেশকে মেসি ও রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেছিলেন, ‘পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা চললে কিছুদিন পরে মাঠ খালি পড়ে থাকবে।’

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংসদে এ ধরনের কোনো খেলা বা সমঝোতার রাজনীতি চলছে না।

তিনি বলেন,
“রোনালদো আর মেসি ফুটবল খেলায় আছে, বিশ্বকাপে। আর বাংলাদেশের পার্লামেন্টে ডক্টর শফিকুর রহমান অপজিশনে (বিরোধী দলে) আর তারেক রহমান পজিশনে (সরকারি দলে)। এখানে কোনো খেলা নাই, গেমও নাই। কেউ যদি বলে থাকে, সেটা তার ব্যক্তিগত মতামত।”

‘গঠনমূলক বিরোধী দলই গণতন্ত্রের জন্য প্রয়োজন’

চিফ হুইপ বলেন, জনগণ চায় সরকার ও বিরোধী দল জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে দেশের সমস্যার সমাধানে কাজ করুক।

তিনি বলেন, সরকার এমন একটি দায়িত্বশীল বিরোধী দল প্রত্যাশা করে, যারা যৌক্তিক বিষয়ে সরকারের পাশে থাকবে এবং প্রয়োজন হলে ভুল-ত্রুটি তুলে ধরে সমালোচনাও করবে।

তাঁর ভাষায়, “যেটা জেনুইন, সেখানে তারা সরকারের পাশে থাকবে। আর যেটা জেনুইন নয়, সেখানে সমালোচনা করবে, যাতে সরকার প্রয়োজনীয় সংশোধন করতে পারে।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের বিরোধিতা করা নয়। কারণ, বিরোধী দলও ভবিষ্যতে সরকার গঠন করতে পারে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব থাকা উচিত।

‘জনকল্যাণমুখী বাজেট’

চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, স্বাধীনতার পর এটি সবচেয়ে জনকল্যাণমুখী এবং জীবনঘনিষ্ঠ বাজেটগুলোর একটি।

তিনি দাবি করেন, বাজেট ঘোষণার আগে কিংবা পরে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক কোনো বৃদ্ধি ঘটেনি এবং বাজেটকে কেন্দ্র করে কোনো ধরনের বিক্ষোভও হয়নি।

সংবিধান সংশোধন নিয়ে অবস্থান

সংবিধান সংশোধনের জন্য গঠিতব্য বিশেষ কমিটিতে বিরোধী দল সদস্য না দিলে সরকার তাদের ছাড়াই কমিটি গঠন করবে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, জাতীয় সংস্কারসংক্রান্ত বিষয়গুলো সংসদের বাইরে সরকার, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আলোচনার মাধ্যমে এগোতে পারে।

তবে সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সংসদের ভেতরেই সম্পন্ন হবে বলে তিনি জানান।

‘পুশ ইন’ জাতীয় সমস্যা

ভারত থেকে কথিত ‘পুশ ইন’ ইস্যুতে বিরোধী দলের আনা আলোচনার প্রস্তাব প্রত্যাহারের জন্য সরকার চাপ দিয়েছিল কি না—এমন প্রশ্নও ওঠে সংবাদ সম্মেলনে।

জবাবে চিফ হুইপ বলেন, সরকার কোনো প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেনি।

তিনি বলেন, “পুশ ইন জাতীয় সমস্যা। অন্য দেশের মানুষ বাংলাদেশে আসুক, তা কেউ চায় না।”

বিল দাখিলে বিলম্বের স্বীকারোক্তি

সংবাদ সম্মেলনে বিরোধী দলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ স্বীকার করেন, চলতি অধিবেশনে কয়েকটি বিল সময়মতো সংসদ সদস্যদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে তিনি বলেন, বিলগুলো সংসদে পাস হওয়ার আগে সদস্যদের সেগুলো পড়া, বিশ্লেষণ এবং আলোচনার জন্য যথেষ্ট সময় রাখা হয়েছে।

সংসদীয় কমিটি গঠনের সময় এখনো আছে

সংসদীয় স্থায়ী কমিটি গঠনে বিলম্ব হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় বিধি অনুযায়ী তৃতীয় অধিবেশনের মধ্যেই কমিটিগুলো গঠন করতে হয়।

বর্তমানে দ্বিতীয় অধিবেশন চলছে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময় এখনো শেষ হয়নি।

‘অপমানিত’ হয়ে সংসদ সদস্যের অনুপস্থিতি প্রসঙ্গে

সরকারদলীয় এক সংসদ সদস্য অপমানিত হওয়ার অভিযোগে টানা দুই সপ্তাহ সংসদে অনুপস্থিত ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। সরকার কিংবা বিরোধী দল—যে দলেরই সংসদ সদস্য হোন না কেন, কেউ যাতে নিজেকে অপমানিত মনে না করেন, সে বিষয়ে সচেতন থাকার চেষ্টা করা হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদারও উপস্থিত ছিলেন।সংসদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান, ‘গেম’ নেই: চিফ হুইপ

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স