ঢাকা

এনসিপির জুলাই পদযাত্রা শুরু কবে, কোন জেলায় কখন—জানুন পূর্ণ রুট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ শিরোনামের এ কর্মসূচি আগামী ৬ জুলাই শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে।

দলটির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, দেশের ৬৪টি জেলা স্পর্শ করে মোট ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, এনসিপির আত্মপ্রকাশের পর ২০২৫ সালের জুলাই মাসেও দেশের ৬৪টি জেলা ঘুরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

সারজিস আলম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং সমাজের সব শ্রেণি–পেশার মানুষকে সম্পৃক্ত করাই এবারের পদযাত্রার মূল লক্ষ্য।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এনসিপি ইতোমধ্যে প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এবার সেই এলাকাগুলোতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দেশের সব ৬৪টি জেলাই অন্তর্ভুক্ত হবে।

উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক নেতৃত্ব

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, উত্তরাঞ্চলের পদযাত্রার নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের পদযাত্রার নেতৃত্বে থাকবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

কালীগঞ্জ থেকে যাত্রা শুরু

এনসিপি জানিয়েছে, ৬ জুলাই বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই দিন সন্ধ্যা ৬টায় সাভারে দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলটির আহ্বায়ক, সদস্যসচিবসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব এই দুটি কর্মসূচিতেই অংশ নেবেন।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে।

উত্তরাঞ্চলের পদযাত্রার সূচি

এনসিপির প্রকাশিত সূচি অনুযায়ী—

৭ জুলাই: টাঙ্গাইলের সখীপুর ও টাঙ্গাইল সদর পৌরসভা
৮ জুলাই: কালিহাতী ও ভূঞাপুর
৯ জুলাই: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনার চাটমোহর
১০ জুলাই: নাটোর সদর পৌরসভা ও রাজশাহী মহানগর
১১ জুলাই: রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর
১২ জুলাই: নওগাঁর পোড়শা ও নিয়ামতপুর
১৩ জুলাই: বদলগাছী ও ধামইরহাট পৌরসভা
১৪ জুলাই: বগুড়ার দুপচাঁচিয়া ও সদর
১৫ জুলাই: বগুড়ার মোকামতলা ও জয়পুরহাট সদর
১৬ জুলাই: শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়ার পর গাইবান্ধার সাদুল্লাহপুর ও রংপুর সদর
১৭ জুলাই: দিনাজপুরের ঘোড়াঘাট ও হাকিমপুর
১৮ জুলাই: ফুলবাড়ী ও বোচাগঞ্জ
১৯ জুলাই: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
২০ জুলাই: পঞ্চগড়ের বোদা, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ
২১ জুলাই: নীলফামারীর জলঢাকা ও সদর
২২ জুলাই: লালমনিরহাটের কালীগঞ্জ ও কুড়িগ্রাম সদর
২৩ জুলাই: শেরপুর সদর পৌরসভা ও জামালপুর সদর
২৪ জুলাই: নেত্রকোনা সদর পৌরসভা ও খালিয়াজুরি
২৫ জুলাই: ময়মনসিংহের তারাকান্দা ও ধোবাউড়া
২৬ জুলাই: হালুয়াঘাট ও ভালুকা
২৭ জুলাই: কিশোরগঞ্জের তাড়াইল, করিমগঞ্জ ও সদর
২৮ জুলাই: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও সদর পৌরসভা
২৯ জুলাই: মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর
৩০ জুলাই: সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর
৩১ জুলাই: কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কর্মসূচি শেষে ঢাকার বাংলামোটরের উদ্দেশে যাত্রা।
দক্ষিণাঞ্চলের পদযাত্রার সূচি

দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া, কক্সবাজার সদর ও পৌরসভায়।

এরপর ধারাবাহিকভাবে—

৮ জুলাই: বান্দরবান সদর ও চট্টগ্রামের আনোয়ারা
৯ জুলাই: খাগড়াছড়ি সদর ও ফেনী সদর
১০ জুলাই: নোয়াখালী সদর ও লক্ষ্মীপুরের রায়পুর
১১ জুলাই: চাঁদপুর সদর ও মতলব উত্তর
১২ জুলাই: কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও হোমনা
১৩ জুলাই: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বিজয়নগর ও আশুগঞ্জ
১৪ জুলাই: নারায়ণগঞ্জের সোনারগাঁ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান
১৫ জুলাই: ফরিদপুরের নগরকান্দা ও ফরিদপুর সদর পৌরসভা
১৬ জুলাই: জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া-মোনাজাত শেষে মাদারীপুর সদর
১৭ জুলাই: ভোলা সদর ও বরিশালের বাবুগঞ্জ
১৮ জুলাই: বরগুনার আমতলী ও পটুয়াখালী সদর
১৯ জুলাই: ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের নেছারাবাদ
২০ জুলাই: পিরোজপুরের জিয়ানগর ও সদর পৌরসভা
২১ জুলাই: বাগেরহাট সদর ও চিতলমারী
২২ জুলাই: ফকিরহাট ও মোংলা
২৩ জুলাই: খুলনার চালনা পৌরসভা ও যশোরের নোয়াপাড়া পৌরসভা
২৪ জুলাই: সাতক্ষীরা সদর ও যশোরের বাঘারপাড়া
২৫ জুলাই: নড়াইল সদর ও মাগুরা সদর
২৬ জুলাই: ঝিনাইদহ সদর পৌরসভা ও চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা
২৭ জুলাই: চুয়াডাঙ্গা সদর পৌরসভা ও মেহেরপুরের গাংনী
২৮ জুলাই: কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী
২৯ জুলাই: মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সবার প্রতি অংশগ্রহণের আহ্বান

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, জুলাই পদযাত্রা শুধু দলীয় কর্মসূচি নয়; এটি জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। তাই রাজনৈতিক পরিচয়ের বাইরে সমাজের সব শ্রেণি–পেশার মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ, মাহিন সরকারসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স