ঢাকা

ইংরেজি শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে অংশীদারত্বের সম্ভাবনা, ড্যাফোডিল গ্রুপে ব্রিটিশ কাউন্সিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা এবং বৈশ্বিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে ড্যাফোডিল গ্রুপ পরিদর্শন করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে উভয় পক্ষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধিদলে আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিলের (লন্ডন) চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, দক্ষিণ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা, আন্তর্জাতিক মানের মূল্যায়ন ব্যবস্থা, পেশাগত প্রশিক্ষণ, কর্মসংস্থান উপযোগী দক্ষতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি কেবল একটি ভাষা নয়; এটি আন্তর্জাতিক শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বলেন, ব্রিটিশ কাউন্সিলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং তাঁদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে ড্যাফোডিল গ্রুপ ধারাবাহিকভাবে কাজ করছে। এ ধরনের সহযোগিতা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা ড্যাফোডিল গ্রুপের সমন্বিত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, একই প্ল্যাটফর্মের আওতায় প্রাক্‌-প্রাথমিক শিক্ষা, স্কুল শিক্ষা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ বাংলাদেশের শিক্ষা খাতে একটি ইতিবাচক ও উদ্ভাবনী মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

প্রতিনিধিদল বিশেষভাবে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা, উদ্ভাবনী শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে ইংরেজি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের পরীক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স