ঢাকা

সিজেপির নতুন কর্মসূচি ঘোষণা, কাল আবারও উত্তাল হতে পারে যন্তর মন্তর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার অঙ্গীকার অজিঙ্ক শিন্ডের

নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, আজ রোববার আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করবেন তাঁরা। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে অজিঙ্ক শিন্ডে বলেন, ‘মোদি সরকার ভয় পাচ্ছে। আমরা আবার একজোট হলে তাদের ক্ষমতার গদি টলে যেতে পারে। কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল (আজ) আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করব। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব।’

পোস্টটির সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেন তিনি।

এর আগে গতকাল শনিবার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিতে যন্তর মন্তরে যাওয়ার কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের বাধা ও ধরপাকড়ের কারণে তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেননি। সিজেপির কয়েকজন নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্রনেতা, সমাজকর্মী ও আইনজীবীকেও আটক করা হয়।

শনিবারের বাধা ও ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। দলটির নতুন কর্মসূচিকে কেন্দ্র করে আজ যন্তর মন্তর এলাকায় আবারও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হতে পারে। তবে মিছিলের অনুমতি, পুলিশের অবস্থান এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিতে চলমান এই আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। আজকের কর্মসূচিতে আন্দোলনকারীরা যন্তর মন্তরে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সিজেপির ঘোষণা বলছে, তারা আপাতত আন্দোলন থেকে সরে আসছে না।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স