ঢাকা

পর্যটন করপোরেশনের ৬ কোর্সে ভর্তি হতে পারবেন আপনিও, আবেদন অনলাইনে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
পর্যটন ও আতিথেয়তা খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)। প্রতিষ্ঠানটি ১৮ সপ্তাহ মেয়াদি ছয়টি ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বেকারি, খাদ্য উৎপাদনসহ পর্যটন ও সেবামূলক বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী ব্যক্তিরা এসব কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সগুলোতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।

যেসব কোর্সে ভর্তি হওয়া যাবে

এনএইচটিটিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয়টি ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোর্সভেদে শিক্ষাগত যোগ্যতা ও ফি আলাদা।

১. ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস

হোটেল, মোটেল, গেস্ট হাউসসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের অভ্যর্থনা ও ফ্রন্ট অফিস পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এ কোর্সে। অতিথি গ্রহণ, ফ্রন্ট ডেস্ক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ থাকবে।

কোর্স ফি: ৩০ হাজার টাকা।

এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

২. হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস

হোটেল ও আবাসিক প্রতিষ্ঠানের হাউসকিপিং ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এ কোর্সে। আবাসিক কক্ষের সাজসজ্জা, বেড তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, লন্ড্রি সার্ভিস, হাইজিন ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ থাকবে।

কোর্স ফি: ৩০ হাজার টাকা।

এ কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

৩. ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস

ভ্রমণ ও পর্যটনসেবা খাতে কাজ করতে আগ্রহীদের জন্য এ কোর্সটি গুরুত্বপূর্ণ। এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের কার্যক্রম, টিকিটিং এবং ফেয়ার ক্যালকুলেশনসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্স ফি: ৩৫ হাজার টাকা।

আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

৪. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস

রেস্তোরাঁ ও খাদ্যসেবা খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এ কোর্সে আন্তর্জাতিক মানের ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

রেস্তোরাঁ ব্যবস্থাপনা, টেবিল প্রস্তুতকরণ এবং খাবার ও পানীয় পরিবেশনের বিভিন্ন কলাকৌশল শেখানো হবে এ কোর্সে।

কোর্স ফি: ৩৫ হাজার টাকা।

এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

৫. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন

বেকারি ও পেস্ট্রি শিল্পে কাজ করতে আগ্রহীদের জন্য এ কোর্সে বিভিন্ন ধরনের বেকারি ও পেস্ট্রি সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

পণ্যের ডেকোরেশন, সংরক্ষণ পদ্ধতি, মূল্য নির্ধারণ এবং বাণিজ্যিকভাবে বেকারি কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিকও কোর্সের আওতায় থাকবে।

কোর্স ফি: ৪০ হাজার টাকা।

আবেদনকারীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

৬. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন—শেফ

খাদ্য উৎপাদন ও শেফ হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এ কোর্সটি। আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশি-বিদেশি বিভিন্ন খাবার ও পানীয় প্রস্তুত, ফুড ডেকোরেশন, সংরক্ষণ এবং মূল্য নির্ধারণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্স ফি: ৫০ হাজার টাকা।

এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

লিখিত পরীক্ষা: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

ছয়টি কোর্সের সবকটির জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

তবে কোর্সভেদে শিক্ষাগত যোগ্যতার শর্ত আলাদা। ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস এবং ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।

অন্য চারটি কোর্স—হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন—এ ভর্তির জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

প্রশিক্ষণে যেসব সুবিধা

এনএইচটিটিআইয়ের এসব কোর্সে শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পরিবর্তে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব ব্যবহারের সুযোগ থাকবে।

এ ছাড়া আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ, দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে পাঠদান এবং প্রতিদিন এক ঘণ্টা বিষয়ভিত্তিক ইংরেজি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি বেসিক কম্পিউটার ও কৃষ্টি-সংস্কৃতি বিষয়েও শিক্ষা দেওয়া হবে।

প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন ও আতিথেয়তা খাতের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক সংস্থায় ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগও পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবেদন করতে হবে অনলাইনে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন শেষে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অধিকাংশ কোর্সের লিখিত পরীক্ষা ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। শুধু ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন—শেফ কোর্সের লিখিত পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায়।

ভর্তির শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬।

কোর্স শুরু: ১ অক্টোবর ২০২৬।

অনলাইনে আবেদন করতে এনএইচটিটিআইয়ের ভর্তি পোর্টালে যেতে হবে।

কোর্স ফি এক নজরে
কোর্স কোর্স ফি ন্যূনতম যোগ্যতা লিখিত পরীক্ষা
ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস ৩০,০০০ টাকা এইচএসসি ১১ সেপ্টেম্বর
হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস ৩০,০০০ টাকা এসএসসি ১১ সেপ্টেম্বর
ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস ৩৫,০০০ টাকা এইচএসসি ১১ সেপ্টেম্বর
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ৩৫,০০০ টাকা এসএসসি ১১ সেপ্টেম্বর
বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন ৪০,০০০ টাকা এসএসসি ১১ সেপ্টেম্বর
ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন—শেফ ৫০,০০০ টাকা এসএসসি ১২ সেপ্টেম্বর

সব কোর্সের মেয়াদ ১৮ সপ্তাহ এবং আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

যোগাযোগ

ভর্তি ও কোর্সসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এনএইচটিটিআইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে।

ফোন: ০২২২২২৯৯২৯১, ০২২২২২৯৯২৮৯, ০১৯৯১-১৩৯০১১

ঠিকানা: ৮৩–৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী, ঢাকা-১২১৩।

পর্যটন, হোটেল ব্যবস্থাপনা, রেস্তোরাঁ, বেকারি, খাদ্য উৎপাদন কিংবা ভ্রমণসেবা খাতে পেশা গড়তে আগ্রহীদের জন্য এসব প্রশিক্ষণ কর্মমুখী দক্ষতা অর্জনের একটি সুযোগ তৈরি করতে পারে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের যোগ্যতা, ফি, পরীক্ষার সময় ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স