ঢাকা

জালিয়াতির অভিযোগে সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সৌদি আরব সৌদি আরব

সৌদি আরবের জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসা জালিয়াতির অভিযোগে ৫০০ জনের বেশি মিসরীয় হজযাত্রীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আটককৃত ব্যক্তিরা সরকারি অনুমতি ও নির্ধারিত হজ ভিসা ছাড়াই ট্রানজিট ও ভিজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। বর্তমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সৌদি হজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের নিরাপত্তা ও হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে ভিজিট এবং ট্যুরিস্ট ভিসায় হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হজ মৌসুমে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সৌদি সরকার কড়াকড়ি আরোপ করেছে এবং বেআইনিভাবে প্রবেশকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

সৌদিতে অভিযান জোরদারের অংশ হিসেবে সম্প্রতি মিসরের বিমানবন্দরেও ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর করা হয়েছে। গত সপ্তাহে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৩০ যাত্রীর মধ্যে শুধুমাত্র ৩৮ জনকে সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বাকিরা বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হন।

এ ঘটনার পর মিসরের পর্যটন মন্ত্রণালয় জরুরি বিবৃতি দিয়ে নাগরিকদের হজ পালনের ক্ষেত্রে কেবল অফিশিয়াল চ্যানেল ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই প্যাকেজ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের সৌদি ভিসার ধরন ও বৈধতা যাচাই করে ভ্রমণ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের অন্যতম ফরজ ইবাদত এবং প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরবে যান। ভিড় ও নিরাপত্তা ব্যবস্থার কথা বিবেচনা করে সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে অত্যন্ত সুনিয়ন্ত্রিত ও কঠোর নীতিমালার আওতায় পরিচালনা করে থাকে।

 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স