ঢাকা

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি যাচ্ছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ভারতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।

হুমায়ুন কবির বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে এই আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক ও পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন। তবে এ মুহূর্তে তাঁর নয়াদিল্লি সফরের কোনো পরিকল্পনা নেই।

আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় ভারত। এরপর সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হলেও সফরের তারিখ চূড়ান্ত হয়নি।

এদিকে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়। এর পরও তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও কোনো দিনক্ষণ নির্ধারিত হয়নি।

কয়েক দিন আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবিরও ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স