ঢাকা

গুলশানে ঝটিকা মিছিলের পর ককটেল বিস্ফোরণ, আ.লীগের ২ কর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।

শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে তাঁরা মিছিল বের করার চেষ্টা করেন।

পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে জানান ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মিছিলে অংশ নেওয়া দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উত্তরা থেকে আরও চারজন গ্রেপ্তার

এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল সেখানে যায়। পরে মিছিলের প্রস্তুতিতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়।

রাজধানীর গুলশান ও উত্তরা—দুই এলাকায় পরপর দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতি ও মিছিলের চেষ্টার ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স