ঢাকা

সৌদিতে উচ্চশিক্ষার সুযোগ: কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে পিএইচডি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারের পিএইচডি প্রোগ্রামে আবেদন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি, বেঞ্চ ফি, মাসিক ভাতা, আবাসন ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

২০২৭ সালের স্প্রিং সেমিস্টারের জন্য প্রথম ধাপের আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬। প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে ৮ নভেম্বর ২০২৬। আর স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৭।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে

সৌদি আরবের অন্যতম গবেষণাভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সংক্ষেপে বিশ্ববিদ্যালয়টি কেএইউএসটি বা কেএউএসটি নামে পরিচিত। ২০০৯ সালে সৌদি আরব ও বিশ্বের বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অবকাঠামোর অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন সৌদি আরবের তৎকালীন বাদশাহ কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ। প্রতিষ্ঠার সময় তিনি কেএইউএসটিকে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের জন্য শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারি হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

গবেষণা ও উদ্ভাবননির্ভর উচ্চশিক্ষার জন্য কেএইউএসটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

কেএইউএসটির বিভিন্ন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—

১. বায়োসায়েন্স
২. বায়োইঞ্জিনিয়ারিং
৩. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৪. মেরিন সায়েন্স
৫. প্ল্যান্ট সায়েন্স
৬. অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স
৭. কম্পিউটার সায়েন্স
৮. ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
৯. স্ট্যাটিসটিকস
১০. অ্যাপ্লায়েড ফিজিকস

আবেদনের যোগ্যতা

পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ভর্তির সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

এ ছাড়া আবেদনকারীর ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০ সিজিপিএ বা সমমানের একাডেমিক ফলাফল থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণও দিতে হবে।

শুধু একাডেমিক ফলাফল নয়, আবেদনকারীর গবেষণার প্রতি আগ্রহ, সম্ভাবনা এবং একাডেমিক রেকর্ডও বিবেচনা করা হবে।

কী কী সুবিধা মিলবে

কেএউএসটির বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা রয়েছে।

টিউশন ও বেঞ্চ ফি: শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি ও বেঞ্চ ফি বহন করা হবে। এ খাতে বছরে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ব্যয় বহন করার সুযোগ রয়েছে।

মাসিক ভাতা: পিএইচডি শিক্ষার্থীদের প্রোগ্রামভেদে বছরে প্রায় ২৫ হাজার থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ৭০ হাজার থেকে ৩৬ লাখ ৮৪ হাজার টাকা।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য আবাসন ও স্বাস্থ্যবিমার সুবিধাও রয়েছে।

তবে বৃত্তির অর্থ ও সুবিধার পরিমাণ প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের সর্বশেষ তথ্য দেখে নেওয়া প্রয়োজন।

আবেদনের সময় যেসব কাগজপত্র লাগবে

আবেদনকারীদের অনলাইনে আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট
জীবনবৃত্তান্ত (সিভি)
তিনজন রেফারির যোগাযোগের তথ্য
পাসপোর্টের ব্যক্তিগত তথ্যসংবলিত পাতার কপি
ইংরেজি ভাষার পরীক্ষার স্কোর, যদি থাকে

আবেদনকারীর একাডেমিক ও গবেষণাগত যোগ্যতা যথাযথভাবে তুলে ধরতে এসওপি ও সিভি প্রস্তুত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আবেদন ফি কত

আবেদনের জন্য ২০০ সৌদি রিয়াল ফি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ৬ হাজার ৫৪৭ টাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণে টাকার অঙ্কে কিছুটা পার্থক্য হতে পারে।

যেভাবে আবেদন করবেন

কেএউএসটির নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পিএইচডি প্রোগ্রামের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের সময়সীমা ভালোভাবে দেখে নেওয়া উচিত।

কেএউএসটির ভর্তি ও বৃত্তি সংক্রান্ত তথ্য ও আবেদন পোর্টাল

আবেদনের সময়সীমা

প্রথম ধাপের আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রথম ধাপের ফল প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬

স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু: ১৭ জানুয়ারি ২০২৭

সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য কেএউএসটির পিএইচডি প্রোগ্রামে আবেদন করার আগে নিজেদের একাডেমিক যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে নেওয়া গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স