ঢাকা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা ছাড়ে। প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের যাত্রা শেষে ফ্লাইটটির ইস্তাম্বুলে পৌঁছানোর কথা। সেখানে ২ ঘণ্টা ৩৫ মিনিটের বিরতির পর নিউইয়র্কের উদ্দেশে আবার যাত্রা করবে বিমানটি। স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে নেওয়া হবে। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

অধিবেশনে প্রধানমন্ত্রীর কর্মসূচি

সফরের প্রথম দিকে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর অন্যান্য বিশ্বনেতার সঙ্গে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। একই সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলায় আয়োজিত একটি সভায় বক্তব্য দেবেন। পাশাপাশি ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সংগত উত্তরণ’ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন তিনি।

একই দিনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পার্শ্ব অনুষ্ঠানে অংশ নিয়ে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরার কথা রয়েছে।

জলবায়ুবিষয়ক আলোচনায় বাংলাদেশকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি এবং জলবায়ু ন্যায়বিচারের মতো বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান গুরুত্ব পাবে।

২৪ সেপ্টেম্বর প্রধান বক্তব্য

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বের ঝুঁকি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে বাংলাদেশ আয়োজিত দুটি পার্শ্ব অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে মাতৃ-শিশুস্বাস্থ্য রক্ষায় সরকারের নেওয়া উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রশিক্ষিত ও দক্ষ ধাত্রীসেবার গুরুত্ব তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক যোগাযোগ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।

অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিটসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেএফকে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য জাতিসংঘের বৈশ্বিক মঞ্চে প্রথম অংশগ্রহণ। সফরটিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু ও মানবিক অগ্রাধিকারের বিষয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কর্মসূচি রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স