দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। এর মাধ্যমে চলতি বছরে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২২২ জনে। মোট মৃত্যুর মধ্যে ১০৪ জনের নিশ্চিত হাম এবং ১,১১৮ জনের হামের উপসর্গ ছিল। এদের মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন।
২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১,০৬৫ রোগী
একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১,০৬৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪৬৩ জন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ২২৯ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯১ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহী বিভাগে ১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর আক্রান্ত পৌনে দুই লাখ পেরিয়ে
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালগুলোতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১,৯৫,৫১৪ জন রোগী। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৮৭,৬০৫ জন। অন্যদিকে, এখন পর্যন্ত সন্দেহভাজন হামের রোগী চিহ্নিত হয়েছেন ২,১৯,৮৮৪ জন, যাদের মধ্যে পরীক্ষা শেষে ২৩,৩২৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে।